• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম


আদাবরে আতঙ্কের নাম ‘ভাইস্তা বিল্লাল’, এলাকাজুড়ে চরম ভীতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ১১:৫৯ এএম

রাজধানীর আদাবর এলাকায় ‘ভাইস্তা বিল্লাল’ নামে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগে তার নাম এখন স্থানীয়দের মুখে মুখে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় একটি প্রভাবশালী গ্রুপ গড়ে তুলে আধিপত্য বিস্তার করছেন বিল্লাল। তার বিরুদ্ধে ভয়ভীতি দেখানো, সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে। অনেকেই নিরাপত্তার শঙ্কায় প্রকাশ্যে কথা বলতে চান না বলেও জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাইস্তা বিল্লাল’ নামটি এখন আদাবরে আতঙ্কের প্রতীকে পরিণত হয়েছে। তার অনুসারীদের কারণেও সাধারণ মানুষ চাপে থাকেন। স্থানীয়দের ভাষ্য, নানা ধরনের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

কিছু বাসিন্দা জানান, এলাকায় তার বিরুদ্ধে কথা বললে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। ফলে অনেকে নিরুপায় হয়ে নীরব থাকছেন।

স্থানীয় সূত্রগুলো বলছে, বিভিন্ন সময় বিল্লালকে ঘিরে নানা অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে তার প্রভাব আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, আদাবরে যেন সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/এসএন