• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম


মা দিবসেই মর্মান্তিক ঘটনা, ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ৫:১০ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত এক ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা ও বোন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদকের টাকার জন্য অনলাইনে সংগ্রহ করা একটি ছুরি দিয়ে ঘরের ভেতর নিজের মা লাকী আক্তারকে (৫৫) আঘাত করে ছেলে মোহাম্মদ রাফি (২২)। এ সময় পাশের কক্ষ থেকে মাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার বোন মিথিলা। তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরবর্তীতে বাইরে থেকে বাবা মোস্তফা ভূঁইয়া (৬৫) ছুটে এসে তাদের বাঁচানোর চেষ্টা করলে তাকেও আক্রমণ করে রাফি। এতে মা, বাবা ও বোন—তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই লাকী আক্তারের মৃত্যু হয়। আহত মোস্তফা ভূঁইয়া ও আলিম শিক্ষার্থী মিথিলা ভূঁইয়াকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মোস্তফা ভূঁইয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন।

ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় রাতেই পুলিশ অভিযুক্ত মোহাম্মদ রাফিকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এইচটি