• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম


গাজীপুরে গণধোলাইয়ে ৩ নিহত, ট্রাকে আগুন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ৫:২৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১০ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগমারা-বাঘচালা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে মাইকিং ও চিৎকার দিয়ে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে চারদিক থেকে সন্দেহভাজন চোরদের ধাওয়া দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, চোরচক্রের কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করা হয়। পরে তাদের গণধোলাই দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এরপর উত্তেজিত জনতা চুরি কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ট্রাকটি আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “গরু চুরি করতে আসা সন্দেহে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গরু চুরি নিয়ে উত্তেজনা ও গণপিটুনির ঘটনা বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানালেও এমন ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগ তৈরি করেছে।

/এইচটি