ছবি: সংগৃহীত
বাগেরহাটের চিতলমারীতে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ মোল্লা স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ছিলেন।
মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি জামায়াতে ইসলামীর হিজলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে নিজের দোকানে বসে ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি দোকান থেকে একটি জুস কেনেন। পরে জুস হাতে নিয়ে তিনি মুজাহিদকে বলেন, জুসটি ভালো নয়।
এ সময় মুজাহিদ নিজে জুসটি খেয়ে তাকে জানান, জুসটি খারাপ নয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাইজিদ ইজারাদারের হাতে থাকা হাসুয়া দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন বলে জানিয়েছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদ মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হিজলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সোহেল শেখ বলেন, ‘এটি জঘন্যতম একটি অপরাধ। এই হত্যার পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কি না, তা খতিয়ে দেখে সঠিক বিচার দাবি করছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
/এইচটি