• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম


টানা বর্ষণে ডুবেছে কুমিল্লা, হাঁটুপানিতে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ এপ্রিল ২০২৬ ১০:৪৮ পিএম

টানা ভারি বর্ষণে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওপর।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে নগরীর আদালত সড়ক, মনোহরপুর, রেসকোর্স ও মগবাড়ি চৌমুনীসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়।

জলাবদ্ধতার কারণে একাধিক পরীক্ষাকেন্দ্রে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। ঈশ্বর পাঠশালা স্কুল-এ শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে হাঁটুপানিতে দাঁড়িয়ে কিংবা বেঞ্চের ওপর উঠে পরীক্ষা দেয়।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক কেন্দ্রে মোমবাতি ও চার্জার বাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি দুর্ভোগ তৈরি করে।

ঈশ্বর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক শুধাংশু কুমার মজুমদার বলেন, হঠাৎ এমন পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, নগরীর বহু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পানি নিষ্কাশনে কুমিল্লা সিটি করপোরেশন কাজ শুরু করলেও বিকেল পর্যন্ত নিচু এলাকাগুলোতে পানি জমে ছিল।

কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হওয়ায় কেউ প্রস্তুত ছিল না। তবে দ্রুত পানি সরাতে কাজ চলছে এবং পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।