• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম


অভিনেত্রী পূজা চেরি

বিতর্কের মুখে পূজার বক্তব্য—‘আমার কোনো সম্পর্ক নেই’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৪:৫০ পিএম

অভিনেত্রী পূজা চেরি তার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করা হলে বিষয়টি ঘিরে নানা আলোচনা তৈরি হয়।

রোববার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূজা চেরি জানান, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, বাবার গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যম ও পরিচিতজনদের কাছ থেকে তিনি অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন। তাই বিভ্রান্তি দূর করতে নিজের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন মনে করেছেন।

পূজা চেরি উল্লেখ করেন, গত ১০-১২ বছর ধরে তিনি মিডিয়ায় কাজ করছেন এবং নিজের পরিশ্রমে ক্যারিয়ার ও জীবনযাপনের ব্যয় বহন করছেন। তার বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন।

পরিবারের সদস্য হওয়ার কারণে তৈরি হওয়া এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত ও বিচার হবে।

শেষে তিনি অনুরোধ জানান, এই স্পর্শকাতর বিষয়ে তাকে যেন অপ্রয়োজনীয়ভাবে জড়ানো না হয়।