• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম


নিয়োগে বিলম্ব, শাহবাগে আন্দোলনে শিক্ষক প্রার্থীরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১২:৫৯ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়ায় আন্দোলনে নেমেছেন প্রার্থীরা।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

মাসুদ আলম বলেন, গত দেড় বছরে তিনি বহু আন্দোলন দেখেছেন এবং এর আগেও প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় ধরনের জটিলতা ছিল, যা পরবর্তীতে সমাধান হয়েছে। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, তারাও নিয়োগ পাবেন এবং অপ্রয়োজনীয়ভাবে আন্দোলনে গিয়ে নিজেদের ক্ষতি করার দরকার নেই।

তিনি আরও বলেন, সমস্যাগুলো সমাধান করা প্রশাসনের দায়িত্ব। তাই রাস্তা অবরোধ না করে কয়েকজন প্রতিনিধি হয়ে মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। সেখানে সমাধান না হলে পরে আবার কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, যদি আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। তাদের ভাষ্য, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো তারা নিয়োগপত্র পাননি।