• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম


প্রধান-সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪,৯৪২

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ৭:৪৭ এএম

দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট প্রার্থীরা অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও তাদের ফল জানতে পারবেন।

এবারের পরীক্ষায় দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ১৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী।

গত ১৮ এপ্রিল চারটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে ১০টা, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকাল ৩টা এবং বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে এসএমএস করে জানানো হবে। পাশাপাশি এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটেও পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাবে।

এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।