যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সোমবার (৯ নভেম্বর) আজারবাইজানের বাকু থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় ট্রাম্পকে স্পষ্ট ভাষায় যুদ্ধবিরোধী বার্তা দেওয়ার কথাও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।
বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও মার্কিন পক্ষ থেকে বলা হচ্ছে, এসব আলোচনা থেকে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। এর মধ্যেই কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এ পরিস্থিতিতে তুরস্ক শুরু থেকেই বলে আসছে, ইরানে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে তার নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।
তবে ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপে শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিষয়ই উঠে আসেনি। তুর্কি প্রেসিডেন্ট হরমুজ প্রণালির চলমান সংকট নিয়েও সতর্ক করেছেন।
তিনি বলেন, এ সংকট কেবল ইরান বা আশপাশের দেশগুলোর জন্যই সমস্যা তৈরি করছে না; বরং বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করা দেশগুলোর জন্যও বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
সূত্র: আল-জাজিরা
/এএসএফ