• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


বাসার গেটের সামনে স্কুলছাত্রীকে উপর্যুপরি ছু’রিকাঘা’ত করে পালাল বখা’টে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৮:১৪ পিএম

কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বাসার গেটের সামনে পৌঁছানোর পর তার ওপর হামলা চালানো হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম জাকারিয়া হোসেন। তাঁদের বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে এসএসসির নির্বাচনী পরীক্ষা শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হয় জাকিয়া। এ সময় তার বাসার সামনে আগে থেকেই অপেক্ষায় ছিল ইমন নামের এক বখাটে। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তার ওপর হামলা চালায় ইমন। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

এদিকে স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত ইমন স্থানীয় আরেকটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই কোচিংয়ে পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকেই ইমন মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল বলে পরিবারের দাবি।

/এসএন