• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম


ডেঙ্গু ও হামে দুই দিনের ব্যবধানে ২ সন্তান হা/রিয়ে পাগলপ্রায় কবির-আয়েশা দম্পতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৫:৫৪ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়েছেন মোহাম্মদ কবির ও আয়েশা বেগম দম্পতি। চারটি হাসপাতালে চিকিৎসার জন্য ছুটোছুটি করেও বাঁচানো যায়নি তাদের ১০ বছর বয়সী সন্তান নুর মোহাম্মদ আরাফাতকে। বড় ছেলের মৃত্যুর দুই দিন পর মারা গেছে ১০ মাস বয়সী ছোট সন্তান আবু বক্কর আরবও। দুই সন্তানকে হারিয়ে শোকে পাগলপ্রায় এই দম্পতি। পৃথিবীতে এখন আর কোনো সন্তান বেঁচে নেই তাদের।এক সন্তানকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই আরেক সন্তানকে হারাতে হয়েছে এই দম্পতিকে। বড় সন্তানকে বাঁচানোর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন বাবা মোহাম্মদ কবির। কয়েক দিন ধরে চারটি হাসপাতালে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি ১০ বছর বয়সী নুর মোহাম্মদ আরাফাতকে। শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।বড় সন্তানকে হারালেও ছোট সন্তানকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিতে পারবেন—এমন আশায় ছিলেন বাবা-মা। কিন্তু সেই আশাও শেষ পর্যন্ত পূরণ হয়নি। বড় ছেলের মৃত্যুর মাত্র দুই দিন পর মারা যায় ১০ মাস বয়সী আবু বক্কর আরব। দুই সন্তানই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। পরে তাদের হাম ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছেন বাবা মোহাম্মদ কবির।নুর মোহাম্মদ আরাফাত পাঁচলাইশের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রায় ১৮ থেকে ২০ দিন আগে তার জ্বর, বমি ও কাশি শুরু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, সে হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত।বাবা মোহাম্মদ কবির সময় সংবাদকে জানান, প্রথমে আরাফাতকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেরিন সিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসা চলে তার।এরপর আরাফাতকে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে গত সোমবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করে শিশুটি।আরাফাতের মৃত্যুর দিনই নগরীর মোমেনবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়। অন্যদিকে, বড় ছেলের মৃত্যুর দুই দিন পর গতকাল রাত ১টার দিকে মারা যায় পরিবারের ছোট সন্তান ১০ মাস বয়সী আবু বক্কর আরব।একই পরিবারের দুই শিশুর এভাবে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে অল্প সময়ের ব্যবধানে দুই সন্তানকে হারানোর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।এদিকে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০ জন। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

/বিএসএস