• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


মৃ’ত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন ট্রাম্প, ক্ষমা করবেন না শ’ত্রুদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৪:৪৯ পিএম

রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের ‘ষাট মিনিট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

দ্বিতীয় মেয়াদে একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া ৮০ বছর বয়সী ট্রাম্পের কাছে মৃত্যু ও মানুষের নশ্বরতা নিয়ে জানতে চান সিবিএসের সংবাদদাতা রস ডাউথাত।

মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন—এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছুটা বিরতি নেন ট্রাম্প। এরপর তিনি বলেন, ‘ওয়েল, আমি আশা করি আমাকে স্মরণ করা হবে।’

পরকাল নিয়ে নিজের বিশ্বাসের কথা জানিয়ে ট্রাম্প আরও বলেন, ‘ওয়েল, আমি একজন ধার্মিক মানুষ, তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাই। আমি আশা করি। আমি নরকে যেতে চাই না।’

তবে স্বর্গে যেতে হলে জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিপক্ষদের ভালোবাসা ও ক্ষমা করতে হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্টভাবে জানান, তাঁদের ক্ষমা করা তাঁর পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, ‘উত্তরটি হলো না। আমি সৎ হতে চাই, না।’

নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প আরও বলেন, ‘আমি সম্ভবত এটি করতে পারব না, না, কারণ আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং সর্বদা করব।’

সাক্ষাৎকারের আরেক পর্যায়ে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, এ বিষয়ে তাঁকে সবচেয়ে বেশি যেসব প্রশ্ন করা হয়, এটি তার অন্যতম।

হোয়াইট হাউসে প্রথম ও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য কয়েকজন পাইলটের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই পাইলটরা ইউএফও নিয়ে তাঁদের কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

পাইলটদের দক্ষতার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমি খুব একটা বিশ্বাসী নই, তবে আমি ওভাল অফিসে প্রথম মেয়াদে এবং কিছুটা দ্বিতীয় মেয়াদে এমন বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে বৈঠক করেছি যারা সত্যিই ভালো, কঠিন মানুষ। এরা এমন কেউ নন যাদের আপনি ষড়যন্ত্র তাত্ত্বিক বলবেন। তারা এর অর্থও বোঝে না।’

পাইলটদের চেহারা ও ব্যক্তিত্ব নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘কিন্তু তারা দুর্দান্ত, দুর্দান্ত পাইলট। তরুণ, সুদর্শন। তাদের সুন্দর, চমৎকার চুলে ছাঁট রয়েছে। আমি তাদের মতো চুল কাটতে পছন্দ করব। তারা নিখুঁত দেখতে, টম ক্রুজের মতো। … তারা পাতলা, জানেন তো, খুব পাতলা এবং সবকিছু। এবং … তারা আসল জিনিস। এবং তারা আমাকে এমন কিছু কথা বলেছে যা খুবই অদ্ভুত।’

/এসএন