ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।
সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর জানান, দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরা এবং আত্মসমর্পণের ইচ্ছা নিয়ে বিস্তারিত আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন। এ জন্য তাঁরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে করা আবেদনকে রাজনৈতিক স্ট্যান্টবাজি আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এ বিষয়ে প্রসিকিউশন টিমের বিস্তারিত আইনি ও প্রাতিষ্ঠানিক বক্তব্য মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
/এসএন