• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


এতিমদের মুখে হাসি ফোটানোর দিন আজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ২:০৪ পিএম

এতিমদের মুখে হাসি ফোটানোর দিন আজ

আজ ৯ নভেম্বর (সোমবার) বিশ্ব এতিম শিশু দিবস। বিশ্বের কোটি কোটি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।বিশ্বজুড়ে এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই দিবসটির প্রধান লক্ষ্য। বিশেষ করে এতিম শিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এতিমখানায় পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ও ভাষাগত দক্ষতা অর্জনের মতো সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি অনাথ ও এতিম শিশুদের জন্য পরিচালিত কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে।সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।এদিকে দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ জন এতিম শিশুর অনুকূলে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।বিশ্ব এতিম শিশু দিবস উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

/বিএসএস