মাত্র ৯ বছর বয়সে নিজের হাতে পবিত্র কোরআন শরিফের সম্পূর্ণ ৩০ পারা লিখে আলোচনায় এসেছিল খুলনার শিশু শিক্ষার্থী অরিনা সাফা খান। টানা ৪০ দিনের প্রচেষ্টায় লেখা সেই কোরআন এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নিজের অনন্য অর্জনের স্মারক হিসেবে হাতে লেখা কোরআন শরিফটি তাঁর হাতে তুলে দেয় ছোট্ট অরিনা।গত বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় অরিনা। এ সময় নিজের হাতে লেখা পবিত্র কোরআন শরিফটি প্রধানমন্ত্রীকে উপহার দেয় সে। প্রধানমন্ত্রীও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিশুটির দেওয়া এই বিশেষ উপহার গ্রহণ করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, নিজের হাতে লেখা কোরআন উপহার দেওয়া এবং পুরো অভিজ্ঞতা নিয়ে ওই দিনই চ্যানেল টোয়েন্টিফোরকে একটি সাক্ষাৎকার দেয় অরিনা। সেখানে কোরআন লেখার পেছনের গল্প এবং প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা করার অনুভূতির কথা তুলে ধরে সে।অরিনা খুলনার মুজগুন্নী এলাকার বাসিন্দা। তার বাবা শুকুর আলী খান এবং মা রাশিদা বেগম। দুই সন্তানের মধ্যে অরিনা একজন। বর্তমানে সে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মাত্র ৯ বছর বয়সে পবিত্র কোরআন শরিফ হাতে লেখার উদ্যোগ নেয় অরিনা। নিজের আগ্রহ, একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ৪০ দিনের মধ্যেই সম্পূর্ণ কোরআন লেখার কাজ শেষ করে সে। অল্প বয়সে এমন ব্যতিক্রমী অর্জনের কারণে শিশুটি আলোচনায় আসে।প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসছেন—এ খবর জানার পর তাঁকে বিশেষ কিছু উপহার দেওয়ার পরিকল্পনা করে অরিনা। কী উপহার দেওয়া যায়, তা নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে সে। একপর্যায়ে নিজের হাতে লেখা পবিত্র কোরআন শরিফটিই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ, এই কোরআন লেখা তার জীবনের অন্যতম মূল্যবান অর্জন।সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে অরিনা বলে, ‘আমি যে কুরআন শরিফটি হাতে লিখেছি, সেটিই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা ভাবলাম। পরে না হয় আমি আবার একটি লিখে নিতে পারব।’প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অরিনা জানায়, শুরুতে তার মধ্যে কিছুটা ভয় ও অস্বস্তি কাজ করছিল। তবে প্রধানমন্ত্রী আপনজনের মতো আন্তরিকভাবে কথা বলায় ধীরে ধীরে তার জড়তা কেটে যায়। পুরো বিষয়টি তার কাছে ছিল অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি অভিজ্ঞতা।নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অরিনা বলে, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।’পড়াশোনার পাশাপাশি শিশু শিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে অরিনার। ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নিজের প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে সে। তার প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খুলনার খালিশপুর এলাকার কনটেন্ট ক্রিয়েটর নাঈম হাসান।মাত্র ৯ বছর বয়সে নিজের হাতে পবিত্র কোরআন শরিফের সম্পূর্ণ অংশ লেখা এবং পরবর্তী সময়ে সেই কোরআন দেশের প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার ঘটনা অরিনার জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। অল্প বয়সে তার এই ব্যতিক্রমী উদ্যোগ, অধ্যবসায় ও অর্জন ইতোমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
/বিএসএস