কানাডার পাসপোর্টের ছবিতে হিজাব, পাগড়ি ও ইহুদিদের ধর্মীয় টুপি পরার অনুমতি দিয়েছে দেশটির সরকার। ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢেকে ছবি তুলতে চাইলে আবেদনকারীদের কোনো লিখিত প্রমাণ জমা দিতে হবে না। তবে ছবিতে মুখের সম্পূর্ণ অংশ স্পষ্টভাবে দৃশ্যমান রাখা বাধ্যতামূলক।
কানাডা সরকারের নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী, হিজাব বা মাথার কাপড় পরেও পাসপোর্টের ছবি তোলা যাবে। তবে কপালের ওপরের অংশ থেকে থুতনি পর্যন্ত মুখের পুরোটাই স্পষ্ট দেখা যেতে হবে। একই সঙ্গে মুখের দুই পাশও দৃশ্যমান রাখতে হবে।
মাথার কাপড় এমনভাবে পরতে হবে, যাতে চোখ, নাক, গাল কিংবা কপালের ওপর কোনো ছায়া না পড়ে।
তবে নিকাব বা বোরকার মতো মুখের বৈশিষ্ট্য ঢেকে রাখে, এমন পোশাক পরে পাসপোর্টের ছবি তোলার অনুমতি নেই। এ ক্ষেত্রে আবেদনকারীরা চাইলে আলাদা কক্ষে এবং একই লিঙ্গের আলোকচিত্রীর মাধ্যমে ছবি তোলার অনুরোধ করতে পারবেন।
কানাডার পাসপোর্টের ছবির ক্ষেত্রে আরও কিছু নিয়ম অনুসরণ করতে হবে। ছবি তোলার সময় চোখ খোলা রাখতে হবে এবং সরাসরি ক্যামেরার দিকে তাকাতে হবে। পাশাপাশি মুখ বন্ধ রেখে স্বাভাবিক অভিব্যক্তি বজায় রাখতে হবে।
এ ছাড়া ছবিটি অবশ্যই গত ছয় মাসের মধ্যে তোলা হতে হবে। ছবিতে কোনো ধরনের সম্পাদনা, রঙের পরিবর্তন কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কৃত্রিম পরিবর্তন করা যাবে না।
সূত্র: কানাডা সরকার
/এএসএফ