• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম


নেতানিয়াহুর শাসনের অবসান ও সমতার দাবিতে শত শত মানুষের বিক্ষোভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ নভেম্বর ২০২৬ ১০:০২ পিএম

নেতানিয়াহুর বিদায় ও সরকারে আরব দলগুলোর অংশগ্রহণের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান এবং পরবর্তী সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী জোট যৌথভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ ও দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলীয় জেজরিল ভ্যালি এবং মধ্য তেল আবিবের হাবিমা স্কয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেন।

এ সময় আন্দোলনকারীদের হাতে আরবি ও হিব্রু ভাষায় লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল, ‘৬৭টি আসন, চলুন নতুন পথে হাঁটি’। এ ছাড়া বিক্ষোভকারীরা ‘অংশীদারত্ব ছাড়া শান্তি নেই’, ‘ভাগ করো ও শাসন করো নীতি বন্ধ করো’ এবং ‘সবার জন্য স্বাধীনতা ও সমতা’—এমন স্লোগান দেন।

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো মোট ৬৭টি আসন পেয়েছে। এর মধ্যে আরব জয়েন্ট লিস্ট ও রা’আমের আসন রয়েছে ১৯টি। অন্যদিকে নেতানিয়াহুর অনুসারীরা পেয়েছেন ৫৩টি আসন।

তবে বিরোধী দলগুলোর অধিকাংশ নেতাই আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনে রাজি নন।

এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ইশার পার্টির নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

এদিকে বিক্ষোভকারীরা সাংবাদিক আব্দ আবু শাহাদাহর মুক্তির দাবিও জানিয়েছেন। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের অভিযোগে গত বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএসএফ