• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম


নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল, ছেলের জন্য বাবার বিএমডব্লিউ চমক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ নভেম্বর ২০২৬ ১০:৩৭ এএম

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী। ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতেই এমন ব্যতিক্রমী উপহারের ব্যবস্থা করেন বাবা সামসুদ্দিন মিদ্যা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকার বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা। তার ছেলে মুহম্মদ তালহা নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে। ছেলের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে তার পছন্দের বিএমডব্লিউ এম৪ কমপিটিশন গাড়িটি কিনে দেন সামসুদ্দিন।

গাড়িটি কেনার পেছনে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তিনি। ছেলের পছন্দের এই বিলাসবহুল গাড়িটি কিনতে সামসুদ্দিনকে মুম্বাই পর্যন্ত যেতে হয়েছিল।

বিলাসবহুল গাড়ির প্রতি সামসুদ্দিনের আগ্রহ আগে থেকেই রয়েছে। তার গাড়ির সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারের মতো দামি গাড়ি। এবার সেই সংগ্রহে নতুন সংযোজন হলো বিএমডব্লিউ এম৪ কমপিটিশন।

গাড়ির নম্বর বাছাইয়ের ক্ষেত্রেও সামসুদ্দিনের রয়েছে বিশেষ পছন্দ। তার একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি অঙ্ক ৫৫৫। বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও এই তিনটি সংখ্যার মিল রয়েছে।

এদিকে, বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে আনন্দিত হলেও আপাতত পড়াশোনাতেই মনোযোগ দিতে চায় মুহম্মদ তালহা। সে জানিয়েছে, সপ্তাহে একদিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে যাবে। ওই দিন গাড়ি চালাবেন বাবা, আর সে পাশে বসে ভ্রমণের আনন্দ উপভোগ করবে।

/এসএন