সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত বোয়েসেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।
মূল বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের ওভারটাইম করার সুযোগ দেবে। এ ছাড়া আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধাও দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
বাছাইপ্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে।
বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ দিতে হবে না। এ কারণে নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে সরকারি প্রতিষ্ঠানটি।
/এএসএফ