বলিউডে তারকাদের হুমকি দেওয়ার ঘটনা একের পর এক ঘটছে। সালমান খানের পর এবার নতুন করে হুমকির তালিকায় যুক্ত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর কাছে কোটি টাকা চাওয়া হয়েছে বলে জানা গেছে। হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি অডিও বার্তার মাধ্যমে আয়ুষ্মান খুরানাকে এই হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে হুমকিদাতা সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা অডিও বার্তায় পাওয়া কণ্ঠস্বরের সঙ্গে নিজেদের নথিতে থাকা একই নামের এক ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখছেন। কণ্ঠস্বরের তুলনা করেই ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছেন তাঁরা বলে ধারণা করা হচ্ছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, হুমকিদাতার পরিচয় যাচাইয়ের পাশাপাশি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আয়ুষ্মান খুরানা। অভিনেতার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকিদাতার পরিচয় প্রকাশ করতে রাজি নয় মুম্বাই পুলিশ। একই সঙ্গে আয়ুষ্মানের কাছে ঠিক কত টাকা দাবি করা হয়েছে, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) বলিউডের আরেক অভিনেতা তুষার কাপুরের কাছেও হুমকির ফোন আসে। তাঁর কাছে ৫ কোটি রুপি দাবি করে হুমকিদাতা। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে এই অর্থ দাবি করেছিল।
/এসএন