• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম


দ্বীপের পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে বহাল থাকছে ৩ মাসের পর্যটন নীতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ এপ্রিল ২০২৬ ৯:৫০ পিএম

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, সরেজমিনে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, বছরে ৯ মাস পর্যটন বন্ধ রাখার ফলে দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের উন্নতি হয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শেষে ২০২৪ সালে সরকার পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এর আওতায় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারেন।

এই তিন মাসে পর্যটনের কারণে যে ক্ষতি হয়, তা পুষিয়ে নিতে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটন বন্ধ রাখা হয়। এতে দ্বীপটি স্বাভাবিকভাবে তার পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের সুযোগ পায়।

মন্ত্রী আরও বলেন, তিন মাসের বেশি সময় পর্যটন চালু থাকলে দ্বীপের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ এই দ্বীপ রক্ষায় বর্তমান ব্যবস্থা চালু রাখা জরুরি।

তবে এ সিদ্ধান্ত নিয়ে ভিন্নমতও রয়েছে। অনেকেই দাবি করছেন, পর্যটন সীমিত থাকায় স্থানীয়দের আয়ের প্রধান উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা অর্থনৈতিক সংকটে পড়ছেন।