মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে এসে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের ধাওয়া করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
নিহত যুবকের নাম তাইজুল সরদার (২২)। তিনি মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার প্রয়াত রুস্তুম আলী সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মহসিন চৌকিদার, জহির চৌকিদার ও আল আমিন সরদার। মহসিন ও জহির কালকিনি উপজেলার কালিনগর এলাকার মোতালেব চৌকিদারের ছেলে। অন্যদিকে আল আমিন সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইজিবাইকে করে বোরকা পরা কয়েকজন সেখানে এসে হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরে তাঁরা জহির ও মহসিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
এ ঘটনার পর হামলাকারীদের ধাওয়া করেন স্থানীয় লোকজন। এ সময় তাইজুল সরদার ও আল আমিন সরদারকে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুলের মৃত্যু হয়।
গুরুতর আহত দুই ভাই মহসিন ও জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, তাইজুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এএসএফ