সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, প্রয়োজন হলে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।
সোমবার (১৯ অক্টোবর) ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ চৌধুরী বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং হারামাইন শরিফাইনের নিরাপত্তার বিষয়গুলো আলোচনার ঊর্ধ্বে। পাকিস্তানের কাছে এসব বিষয়ে কোনো দ্বিধা বা আপসের সুযোগ নেই।
সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক বাহিনীর এই অবস্থান তুলে ধরেন আইএসপিআরের মহাপরিচালক। তিনি জানান, এ ধরনের হামলার জবাব মক্কা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেওয়া হবে।
আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তান ইতিমধ্যে সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে দেশটি সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্যও প্রস্তুত রয়েছে।
এদিকে ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আইএসপিআরের মহাপরিচালক বলেন, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ এসেছে কি না, তা তাঁর জানা নেই। তবে এ ধরনের অনুরোধ পাওয়া গেলে তা পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
/এসএন