• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম


উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার? যা জানাল সৌদি আরব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ অক্টোবর ২০২৬ ৬:০৪ পিএম

উটের প্রস্রাবের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধ ব্যবহার করে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের কোনো অনুমোদিত ওষুধ নয়; এটি কেবল একটি খাদ্যসম্পূরক।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি হয়। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয় সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসার কিংবা অন্য কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এতে মূলত শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে।

সংস্থাটি জোর দিয়ে জানায়, নিবন্ধিত পণ্যটি কেবল সাধারণ খাদ্যসম্পূরক হিসেবেই বিক্রি ও ব্যবহার করা যাবে। ক্যানসার নিরাময়ে পণ্যটি কার্যকর—এমন দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা অনুমোদিত ভিত্তি নেই।

ক্যানসারের চিকিৎসায় পণ্যটি অনুমোদন পেয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা-ও সম্পূর্ণভাবে নাকচ করেছে সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।

একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর গুজবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। ক্যানসারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে অপ্রমাণিত পণ্যের ওপর নির্ভর না করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

/এসএন