• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ এএম


ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ অক্টোবর ২০২৬ ৫:৪৯ এএম

আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়াবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধিদল।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক’ (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য শুরু হলে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।বাকু থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা একই সময়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন এবং হারজগের বক্তব্য বর্জন করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিন, ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরাক, মিসর, কুয়েত, কাতার, জর্ডান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরাও ওয়াকআউটে অংশ নেন।বাকুতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল লক্ষ্য এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করা।১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিআইসিএ একটি আন্তসরকারি ফোরাম। এশিয়াজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং জোরদার করার লক্ষ্যে ফোরামটি কাজ করে।

/বিএসএস