ইউটিউব ও টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার চাপে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৬ শতাংশ, অর্থাৎ এক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। ২০২২ সালের পর এটিই নেটফ্লিক্সের সবচেয়ে বড় কর্মী সংকোচনের ঘটনা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস জানান, প্রতিষ্ঠানটির প্রোডাক্ট, প্রযুক্তি, আইন এবং মানবসম্পদ (এইচআর) বিভাগে ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়নের জন্য জনবল ও অন্যান্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই এই ব্যয়সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
বাজার বিশ্লেষকদের মতে, বিনা মূল্যে ভিডিও ও অন্যান্য কনটেন্ট দেখার সুযোগ থাকায় বিশ্বজুড়ে দর্শকেরা ক্রমেই ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন। এর প্রভাব পড়ছে নেটফ্লিক্সের ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে সময় কাটানোর ওপর। ফলে দর্শকদের সম্পৃক্ততা বা এনগেজমেন্ট কমে যাওয়ায় বিজ্ঞাপন থেকে আয় বাড়ানো এবং গ্রাহকদের ধরে রাখা—দুই ক্ষেত্রেই চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, শুধু সাবস্ক্রিপশন থেকে আয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণেও নেটফ্লিক্সের প্রবৃদ্ধি অনেকটা স্থবির হয়ে পড়েছে। পরিবর্তিত বাজার পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে এখন বিকল্প আয়ের উৎস তৈরি এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনার দিকে মনোযোগ দিতে হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় নেটফ্লিক্স ইতিমধ্যে তাদের ব্যবসায়িক মডেলে পরিবর্তন এনেছে। কম খরচে বিজ্ঞাপনযুক্ত সাবস্ক্রিপশন পরিকল্পনা চালুর পাশাপাশি সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং এবং গেমিং খাতে বড় অঙ্কের বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগের মাধ্যমে আয়ের নতুন পথ তৈরি করার চেষ্টা চলছে।
গত বছরের হিসাব অনুযায়ী, নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার নিয়মিত কর্মী কাজ করতেন। এর আগে ২০২২ সালে গ্রাহকসংখ্যা হঠাৎ কমে যাওয়ার পর দুই দফায় প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। এবারের এক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সেই সময়ের পর কোম্পানিটির সবচেয়ে বড় কর্মী সংকোচন।
এদিকে চলতি বছরে পুঁজিবাজারে নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ কমেছে। তবে এক হাজার কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশের পর লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।
/এসএন