ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র শহর মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বার্তায় তুর্কি আল মালকি বলেন, সৌদি-ইয়েমেনি প্রতিরক্ষা জোট মদিনার দিকে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল কিংবা এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
এর আগে গত মাসে পবিত্র মক্কা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুথি গোষ্ঠী। সে সময়ও ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছিল বলে জানানো হয়।
এ ছাড়া ওই সময় মদিনার একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো।
/এসএন