• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর কামড়ে আহত পুলিশের দুই সদস্য!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৯:৩২ পিএম

সরাইলে মাদক কারবারের অভিযোগে আটক করতে গিয়ে পুলিশের দুই সদস্যকে কামড়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করতে গিয়ে তাঁর কামড়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তির নাম শাকিব মিয়া (৩০)। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের লায়রহাটি দেওবাড়িয়া এলাকার আনু মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন সরাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, শাকিবকে আটকের চেষ্টা করলে একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ সময় তিনি দুই পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহত করেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত দুই পুলিশ সদস্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এএসএফ