জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত পাখির মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালীকান্দি গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কোয়ালীকান্দি বাজারে স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন ছাদুল্লাহ। বাজিতে জেতার জন্য তিনি একটি জীবন্ত পাখির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। পাখিটি যন্ত্রণায় ছটফট করতে থাকলেও তিনি নির্মমভাবে সেটির শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়ে ফেলেন।
এ সময় ঘটনাটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। উপস্থিত কয়েকজনকে এ ঘটনায় উল্লাস প্রকাশ করতেও দেখা যায়।
জীবন্ত পাখির ওপর এমন নিষ্ঠুরতার দৃশ্য ধারণ করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের নজরে আসে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে ছাদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন অটোরিকশাচালক ছাদুল্লাহ। তিনি বলেন, ৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি খেয়ে ফেলা তাঁর বড় ভুল হয়েছে।
/এসএন