• ঢাকা
  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম


যোগ্যদের বাদ দিয়ে দলীয় নেতা ও স্বজনদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৬:০২ পিএম

সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা এবং সংসদ সদস্যদের আত্মীয়স্বজনদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান প্রসঙ্গেও কথা বলেন গোলাম পরওয়ার। এ বিষয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি—এই নীতিতে দেশ পরিচালনা করছে সরকার।’

সার ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, যোগ্যতা ও নির্ধারিত নীতিমালার পরিবর্তে দলীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের ক্ষেত্রেও ভাগ-বাটোয়ারা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

দলীয় চাপের কারণে নিয়মনীতি উপেক্ষা করে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগসংক্রান্ত অনিয়মের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনা।

এ ছাড়া ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা এবং লাইসেন্স প্রদানের ভিত্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানানো হয়। অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানায় দলটি।

সারের সংকট নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির কোনো অসংগতি রয়েছে কি না, তা যাচাই করার দাবিও জানিয়েছে জামায়াত। একই সঙ্গে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা এবং তদন্তের অগ্রগতি প্রকাশের কথা বলা হয়েছে।

পাশাপাশি সার ডিলার নিয়োগ নিয়ে উত্থাপিত অভিযোগগুলোর ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

/এসএন