• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম


রাজধানীর পার্কগুলো অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছেঃ সাদিক কায়েম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৬:০৮ পিএম

রাজধানীর পার্কগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও অবহেলায় ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তাঁর অভিযোগ, নগরীর বিভিন্ন পার্ক মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এক ম্যারাথন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন। রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে ম্যারাথনটি শুরু হয়। এরপর বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্ক প্রদক্ষিণ করে যমুনার সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় পাঁচ শতাধিক নাগরিক অংশ নেন।

অনুষ্ঠানে আবু সাদিক কায়েম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকেরা দিনের শুরুতে পার্ক ও মাঠে গিয়ে শরীরচর্চা করেন। কিন্তু ঢাকায় মানুষের সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পার্ক ও মাঠের সংকট রয়েছে। নামমাত্র যেসব পার্ক রয়েছে, সেগুলোর অনেকগুলোই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন পার্ক মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। এর ফলে সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে পার্কে গিয়ে শরীরচর্চা করা এবং অবসর কাটানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব পেলে পার্কগুলোর উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সাদিক কায়েম। তিনি বলেন, জনগণ তাঁদের নির্বাচিত করলে বিদ্যমান পার্কগুলো দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করা হবে। পাশাপাশি নগরীর প্রতিটি এলাকায় নতুন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে ম্যারাথনের মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আবদুস সাত্তার সুমন আরও বলেন, অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন, জনগণ ঐক্যবদ্ধ হলে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

ম্যারাথন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

/এসএন