• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম


দিল্লিতে আট’ক নারী আন্দোলনকারীদের ওপর পুলিশি নি’র্যাতনের অভি’যোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ১০:০৯ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে আটক নারী বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের ভ্যানে তোলার পর নারী পুলিশ সদস্যরা তাঁদের মারধর করেন। কয়েকজনের গলা চেপে ধরা এবং যৌনাঙ্গে লাথি মারার অভিযোগও করেছেন তাঁরা। এ ছাড়া বিক্ষোভকারীদের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তুলে ধরেন নওরিন নামের এক নারী বিক্ষোভকারী। তিনি ওয়ার্কার্স পার্টি অব ইন্ডিয়ার সদস্য। তাঁর ভাষ্য অনুযায়ী, রোববার মধ্য দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে পুলিশ এসে ১৬ জনকে আটক করে একটি ভ্যানে তোলে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জনই নারী ছিলেন বলে দাবি করেন তিনি।

নওরিনের অভিযোগ, ভ্যানে তোলার পর নারী পুলিশ সদস্যরা একে একে বিক্ষোভকারীদের মারধর করতে শুরু করেন। দিশা স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্য শারন্যাকে ভ্যানের ভেতরে ফেলে একজন নারী পুলিশ সদস্য তাঁর গলা চেপে ধরেন। আরেক পুলিশ সদস্য কনুই দিয়ে তাঁকে আঘাত করেন বলেও অভিযোগ করেন নওরিন। পরে একজন পুলিশ সদস্য শারন্যাকে চিকিৎসার জন্য নিয়ে যান বলে জানান তিনি।

নওরিন আরও অভিযোগ করেন, ভ্যানের মধ্যে থাকা অন্য নারী বিক্ষোভকারীদের বুক ও যৌনাঙ্গে আঘাত করা হয়। এ সময় তাঁদের কয়েকজনের মুঠোফোনও কেড়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়েও প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে শনিবার ও রবিবার দিল্লিতে বিক্ষোভ করে ককরোচ জনতা পার্টিসহ বিভিন্ন ছাত্র ও প্রতিবাদী সংগঠন। আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা যন্তর মন্তরে যাওয়ার কর্মসূচি নিলে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়।

পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যন্তর মন্তরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়। আটক নারী বিক্ষোভকারীদের ওপর পুলিশের ভেতরে নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

/এসএন