ইরানের নেতৃত্ব নিয়ে ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এর ফলে এখন শান্তি আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।গত সোমবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ট্রাম্প বলেন, “ইরানের নেতৃত্ব নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি। এখন আমরা বুঝতেই পারছি না যে (ইরানে) কাদের সঙ্গে আমরা কাজ-কারবার করছি। কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না।”তিনি আরও জানান, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাঁদের বিবেচনায় রেখেছিল, তাঁদের কেউই ওই পদে বসতে রাজি হচ্ছেন না। ফলে ইরানের সঙ্গে আলোচনার জন্য উপযুক্ত প্রতিনিধি খুঁজে বের করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়েছে।ট্রাম্প বলেন, “সত্যি বলতে, কাদের সঙ্গে আলোচনা করব, তা ঠিক করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমার মনে হয়, আমরা বাড়াবাড়ি করে ফেলেছি।”এদিকে, বরাবরের মতো এবারও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, গত প্রায় আট মাসের যুদ্ধে ইরান তার বিমানবাহিনী হারিয়েছে। পাশাপাশি দেশটির নৌবাহিনীর ১৫৯টি জাহাজের সবগুলোও ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।
/বিএসএস