• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪০ এএম


কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, আকাশে চক্কর দিয়ে নিরাপদ অবতরণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ১১:০৫ পিএম

বিমানের জরুরি বার্তায় শাহজালালে রানওয়ে বন্ধ, নিরাপদে নামল বিজি-৪৩৬

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি বার্তা পাঠানোর পর কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর পরপরই উড়োজাহাজটির পাইলট ঢাকা টাওয়ারে জরুরি বার্তা পাঠান। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই।

জরুরি অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করতে পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধারকারী দল ও জরুরি সেবার কর্মীদের প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।

/এএসএফ