• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম


বাংলাদেশে হাইব্রিড গাড়ির কারখানা করবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ৪:১৬ পিএম

বাংলাদেশে সাধারণ গাড়ির পাশাপাশি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) শিল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে জাপানের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটা। ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে কারখানা নির্মাণের কাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে বাণিজ্যিকভাবে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ পরিকল্পনার কথা জানায়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে জানায়, বাংলাদেশে গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু করার মাধ্যমে তারা দেশের শিল্পায়ন সম্প্রসারণ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ কারিগরি মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়।

এর পাশাপাশি দেশের সব বিভাগীয় পর্যায়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে টয়োটার গাড়ি ও আধুনিক সেবাগুলো গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান টয়োটার বড় বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশে দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করছে।

বিদেশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা এবং কার্যকর অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতেও বিনিয়োগে টয়োটা তুশোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসব ক্ষেত্রে বিনিয়োগ করলে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানায়, অটোমোবাইল শিল্পে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ তৈরিতেও তারা কাজ করবে। একই সঙ্গে ভবিষ্যৎ শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতেও বিশেষ ভূমিকা রাখার কথা জানায় তারা।

বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান।

টয়োটা তুশোর পক্ষে বৈঠকে অংশ নেন প্রতিষ্ঠানটির মোবিলিটি ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিগেরু হারাদা এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

/এসএন