• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ এএম


হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, আহত ১১ ভারতীয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৯:২০ পিএম

ওমান উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক। মঙ্গলবার (৬ অক্টোবর) হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ‘এমটি অন পিস’ নামের জাহাজটিতে হামলার ঘটনা ঘটে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। ১৭ জন ভারতীয়সহ মোট ১৯ জন ক্রু নিয়ে ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী অতিক্রম করছিল।হামলার পর ওমান কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করা হয়। পরে তাদের ওমানের খাসাব শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একের পর এক হামলার ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক হতাহত হয়েছেন। গত মাসেও ওই এলাকায় একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন।মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান এই নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। প্রয়োজনীয় অনুমতি না থাকা কিংবা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার অভিযোগে বিভিন্ন জাহাজে নিয়মিত হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবরোধ ও পাল্টা হামলার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলও চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর অব্যাহত হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালী দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছে দেশটি।

/বিএসএস