• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম


অভ্যন্তরীণ বিভাজনে গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ বিশ্লেষণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৮:৩৪ পিএম

ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বিভাজন চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দেশটি গৃহযুদ্ধ কিংবা অভ্যন্তরীণ ধসের দিকে এগিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন।

‘ড্রপ সাইট নিউজ’-এ প্রকাশিত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সিআইএর আধা-স্বাধীন ইউনিট ‘রেড সেল’ প্রস্তুত করা ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ (ভেতর থেকে ভাঙন) শীর্ষক প্রতিবেদনে প্রচলিত বিশ্লেষণের বাইরে গিয়ে ইসরায়েলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির একটি চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। বিশেষ করে অতি-রক্ষণশীল বা আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে দীর্ঘদিনের ছাড় বাতিলের উদ্যোগ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

ইউটিজে ও শাস-এর মতো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই উদ্যোগের বিরোধিতা করায় নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে ফাটল দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে অঞ্চলজুড়ে যুদ্ধ চলমান থাকায় কয়েক লাখ রিজার্ভ সেনাকে সামরিক দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। এর বিপরীতে অতি-রক্ষণশীলদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার বিষয়টি ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। একই সঙ্গে সামরিক সেবা এড়ানোর অভিযোগে অতি-রক্ষণশীল তরুণদের আটক করায় দেশটিতে বড় ধরনের বিক্ষোভও শুরু হয়েছে।

সিআইএর ওই বিশ্লেষণাত্মক প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ শেষে বেসামরিক জীবনে ফিরে আসা হাজার হাজার সশস্ত্র সেনা সদস্যের মানসিক স্বাস্থ্য, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে উগ্র বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং লাগামহীন খাদ্য মূল্যস্ফীতি ইসরায়েলকে গৃহসংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

এর পাশাপাশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ কমে যাওয়া এবং আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া থমকে যাওয়াও দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক পতনকে আরও ত্বরান্বিত করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবরের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা তার বিরোধী কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারছে না।

ফলে আসন্ন নির্বাচন ইসরায়েলি রাজনীতিতে কোনো সুস্পষ্ট সমাধান এনে দেওয়ার পরিবর্তে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

/এসএন