• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ এএম


২৭ ইসরায়েলি কূটনীতিককে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ১২:০৬ এএম

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলের ২৭ জন কূটনীতিককে দেশ ছাড়তে বলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লন্ডন।সোমবার (৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ অহরোনোথ’-এর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত দেশটির কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়েছেন, কনস্যুলেট বন্ধের সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাজ্য সরকার তার অবস্থানে অনড় রয়েছে। সিদ্ধান্ত পরিবর্তন না হলে পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাজ্যে থাকা ইসরায়েলি কূটনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।এর আগে, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা ঘোষণা করার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল যুক্তরাজ্যকে অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট আগামী ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।বিষয়টি সম্পর্কে অবগত দুই ইসরায়েলি কর্মকর্তা এবং আরও দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল যুক্তরাজ্যকে কনস্যুলেট বন্ধের জন্য নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দিয়েছিল। একই সঙ্গে সতর্ক করা হয়েছিল, নির্ধারিত ৩০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর কনস্যুলেটে কর্মরত ব্রিটিশ কূটনীতিকরা তাদের কূটনৈতিক মর্যাদা হারাবেন।এ পরিস্থিতিতে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্যও পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কারের পথে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটটি ফিলিস্তিনি ভূখণ্ডে যুক্তরাজ্যের কূটনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। কনস্যুলেটটি জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা নিয়ে ব্রিটিশ সরকারের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত।ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ইসরায়েলি সিদ্ধান্ত এবং এর জবাবে যুক্তরাজ্যের পাল্টা হুঁশিয়ারির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, ইয়েদিওথ অহরোনোথ

/বিএসএস