• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম


গ্রে’প্তার ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রে’প্তার আওয়ামী লীগ নেতা বাবা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ৮:৫১ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়ন থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাবা ও ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তার সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

গ্রেপ্তারের পর শুক্রবার বাবা ও ছেলেকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান তার বাবা আব্দুল মান্নান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। পরে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

তবে গ্রেপ্তার হওয়া বাবা-ছেলের পরিবারের দাবি, তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএন