• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম


মক্কার গ্র্যান্ড মসজিদে আত্ম ঘাতী হাম’লার গু’জব ছড়ানোর অভি’যোগে আট’ক ১

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ১০:৪৭ পিএম

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলা ঠেকানোর দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। এ ঘটনায় পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, পবিত্র নগরী মক্কার নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করে। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা বা হামলা ঠেকানোর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়িয়ে পড়েছে, সেগুলো সত্য নয়। এ ধরনের সংবেদনশীল বিষয়ে সঠিক তথ্য জানতে জনগণকে সরকারি ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে কেউ আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করেছে এবং সৌদি নিরাপত্তা বাহিনী ও পুলিশ সেই হামলার চেষ্টা নস্যাৎ করেছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি ২০১৭ সালের ফেব্রুয়ারির একটি ঘটনার ভিডিও। সেখানে দেখা যায়, ৪০-এর কোঠার এক সৌদি নাগরিক কাবার কাছে নিজের পোশাকে পেট্রল ঢালছেন।

সে সময় জানানো হয়েছিল, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন।

সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ওই ঘটনাটি কোনো বিস্ফোরক বেল্ট ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টে ঘটনাটিকে আত্মঘাতী হামলা হিসেবে উপস্থাপন করা হলেও সেই দাবি সঠিক নয়।

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের ঘটনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

/এসএন