আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। নতুন এই মিশন চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাসটি প্রাথমিকভাবে ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকায় আলেকজান্দ্রা হাউজে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানানো হয়েছে।
মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম বৃহস্পতিবার মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।
দূতাবাস চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও বাড়বে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
নতুন মিশনটি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
/এএসএফ