বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন স্কুলছাত্রীকে ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার শ্যামপুর কদমতলী থানার ঢাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে কিশোরীদের পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির পর ঘটনা তদন্ত এবং নিখোঁজ কিশোরীদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে মাঠে নামে পুলিশ।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ওই তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে বাকেরগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে জিডি করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকায় তিন কিশোরীর অবস্থান শনাক্ত করে। এরপর বৃহস্পতিবার ভোরে কদমতলী থানার শ্যামপুর এলাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরীদের বরাতে পুলিশ জানায়, পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে তারা ঢাকায় পালিয়ে আসে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকায় গিয়ে তারা চাকরি খুঁজছিল বলেও পুলিশকে জানিয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন ছাত্রীকে ঢাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে উদ্ধার করে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
/এএসএফ