• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ এএম


বিসিএস পাস করেও গেজেটে নাম নেই, রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা জসীমের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ১:২৪ পিএম

বিসিএস পাস করেও গেজেটে নাম নেই, রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা জসীমের৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেয়েও চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপনে নাম না থাকায় চরম হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জসীম উদ্দীন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আগামী ১২ অক্টোবর রাজু ভাস্কর্যের সামনে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন।জসীমের দাবি, পুলিশ ভেরিফিকেশনসহ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তিনি চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, ৪৯তম বিসিএস ক্যাডারদের যোগদানের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি নিজের জীবন শেষ করার মতো চরম পদক্ষেপ নেবেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।পোস্টে জসীম তিউনিসিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজির ঘটনার উল্লেখ করেন। ২০১০ সালে বোয়াজিজির আত্মাহুতির ঘটনা তিউনিসিয়ায় ব্যাপক গণবিক্ষোভের সূত্রপাতের সঙ্গে যুক্ত ছিল। জসীম নিজের বক্তব্যে তাকে আদর্শ হিসেবে উল্লেখ করেন।এর আগে ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৬৬৮ জনকে সাময়িকভাবে সুপারিশ করেছিল পিএসসি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ পিএসসির সাময়িকভাবে সুপারিশ পাওয়া ৫৭ জনের নাম চূড়ান্ত প্রজ্ঞাপনে স্থান পায়নি।চূড়ান্ত প্রজ্ঞাপনে ওই ৫৭ জনের নাম না থাকার নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।জসীমের এই ঘোষণার পর তার সহপাঠী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা তাকে কোনো জীবনহানিকর পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বাদ পড়া প্রার্থীদের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবিও উঠেছে।

/বিএসএস