• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম


শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় এবং শূন্য পদসমূহে নিয়োগ আসছে

আপডেট টাইম: ১৮ এপ্রিল ২০২৬ ৮:১৩ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন শূন্য পদে বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন।

বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মহানগর পর্যায়েও উন্মুক্ত খেলার মাঠের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে।

এছাড়া শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আবার চালু করা হয়েছে। এবার এতে ক্রীড়া ও কোরআন তিলাওয়াত সংযুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী বইপড়ার অভ্যাস বাড়াতে বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।