• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম


সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪:২২ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিপুল পরিমাণ ভর্তুকির চাপ সামাল দিতে গিয়ে সরকারকে প্রতি মাসে শুধু জ্বালানি খাতেই প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।

ভর্তুকির হিসাব তুলে ধরে তিনি আরও বলেন, শুধু ডিজেলের ক্ষেত্রেই প্রতি লিটারে সরকারকে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল। এর ফলে বছরে বড় অঙ্কের বাজেট ঘাটতি তৈরি হচ্ছিল। শুধু ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা দাঁড়িয়েছিল।

এ ছাড়া সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এবং জ্বালানি খাতের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনেই অনিচ্ছা সত্ত্বেও সরকারকে জ্বালানি তেলের দাম বাড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

/এসএন