চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান গত বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালতে এ আবেদন করেন।সোমবার (২৪ আগস্ট) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেছেন।সিআইডি ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদনে তিনটি কারণ উল্লেখ করেছে।প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, মামলার ঘটনাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর। এর ভিকটিম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর ১৯৯৬ সাল থেকে সালমান শাহর মা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি তৎপর রয়েছেন। সিআইডির দাবি, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে।দ্বিতীয় কারণ হিসেবে তদন্ত সংস্থা বলেছে, ডন অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনায় জড়িত অন্য সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং তদন্তের স্বার্থে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে, ডনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন কৌশলে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কী কারণে এবং কার ইন্ধনে তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তথ্য উদঘাটনসহ মামলার প্রকৃত রহস্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।এরপর ১২ আগস্ট ডনের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেন।
/বিএসএস