• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম


ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ আগস্ট ২০২৬ ৯:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল। রবিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।মার্কিন প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান।সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুযোগ আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন ডাকসু ভিপি।এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, যৌথ গবেষণা, ফেলোশিপ এবং একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া, গবেষণা ও একাডেমিক রাইটিং বিষয়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং কাউন্সেলিং আয়োজনের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন এবং আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন দূতাবাসের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব যৌথ উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

/বিএসএস