নরসিংদীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল ও শতভাগ জিপিএ-৫ অর্জন নিয়ে নিয়মবহির্ভূত কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রতিষ্ঠানের বক্তব্য জানতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে এই শোকজ নোটিশ পাঠানো হয়। বোর্ডের আদেশে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ সাফল্য এবং রেকর্ডসংখ্যক জিপিএ-৫ অর্জন নিয়ে বিভিন্ন মহলে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে আসার পর এর সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আগামী সাত কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের পাশাপাশি প্রতিষ্ঠানটির কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক নথি ও তথ্য চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য, শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত প্রাতিষ্ঠানিক নথিপত্র, এসএসসির নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা এবং শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণকারী শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা। নির্ধারিত সাত কর্মদিবসের মধ্যে শোকজের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নরসিংদীর এই শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার পর বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
অভিযোগ রয়েছে, ফলাফলে শতভাগ সাফল্য এবং জিপিএ-৫ পাওয়ার ধারাবাহিকতা ধরে রাখা তথা কৃত্রিম বা ভুঁইফোড় সাফল্য দেখানোর উদ্দেশ্যে নির্বাচনী পরীক্ষায় তুলনামূলক কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এমনকি তাদের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ থেকেও বঞ্চিত করার মতো নিয়মবহির্ভূত কৌশল নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গণমাধ্যমে এসব অভিযোগ ও তথ্য প্রকাশের পর শিক্ষা বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাই এবং প্রতিষ্ঠানটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়ার জন্য শোকজ নোটিশ জারি করা হয়েছে।
/এসএন