রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাস (৩৭) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থান করার সময় তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির নাম অর্ণব দাস এবং তার বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৫ আগস্টকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল থেকেই ওই এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এদিন সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও সেখানে জড়ো হন। পাশাপাশি উৎসুক মানুষের উপস্থিতিও দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েনের পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
প্রসঙ্গত, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে ঘাতকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। ওই হত্যাকাণ্ডে শিশু রাসেলসহ পরিবারের সদস্যরা প্রাণ হারান। এমনকি অন্তঃসত্ত্বা নারীও ঘাতকদের হাত থেকে রেহাই পাননি। ওই রাতে গুলিতে বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকেই দলটির পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়ে পোস্টারিং, খাবার বিতরণ, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে।
১৫ আগস্ট উপলক্ষে দেশের বাইরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।
/এসএন