• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম


আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, প্রত্যাহার হলেন সেনবাগের ওসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪:৫০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকের বাড়িতে ভূরিভোজে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৈরি হওয়া বিতর্কের মধ্যে শনিবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তার পরিবর্তে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সেনবাগ উপজেলার বাতানিয়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক সিঅ্যান্ডএফ এজেন্ট মো. শাহজাহান খোকনের বাড়িতে ভূরিভোজে অংশ নেন আবদুর রহিম সরকার। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি মিছিল করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকারকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেন।

আবদুর রহিম সরকারকে প্রত্যাহারের পর সেনবাগ থানার ওসির দায়িত্ব পাওয়া পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, ‘ফেসবুকে দেখেছি তিনি এক ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত খেয়েছেন। গতকাল রাতেই তিনি আমাকে দায়িত্ব হস্তান্তর করে চলে গেছেন।’

/এসএন